
বেঁচে থাকার ইচ্ছেটা আমার হারিয়ে গেছে অনেক দিন আগেই৷ মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমি কি বেঁচে আছি৷ আমি তো অনেক আগেই মরে গেছি৷ হতাশার ক্যাকটাসে জড়ানো জীবন্ত লাশটাই টেনে টেনে বয়ে বেড়াচ্ছি শুধু৷ জীবনের নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে, নানা চড়াই-উত্রাই পেরিয়ে আজ আমি চাকুরিজীবি৷ ছোটোবেলা থেকেই এই চাকুরিকে ঘিরে একবুক স্বপ্ন ছিল আমার৷
আপনজনহীন, বন্ধুহীন কেটেছে আমার জীবনের অনেকগুলো দিন৷ ভেবেছিলাম চাকুরিজীবনে এসে আমার অনেক বন্ধু-বান্ধবী হবে৷ যাদের হাত ধরে আমি হারিয়ে যাব দিগন্ত বিস্তৃত মাঠে৷ কোনো একজনের হাত ধরে পঙ্খিরাজ ঘোরায় চড়ে পাড়ি জমাব সাত সমুদ্র তেরো নদীর পাড়ে৷ ক্যাফেটেরিয়ায় মুখোমুখি বসে আমরাও পানাহার করব৷ কাটা পাহারের মাঝ দিয়ে ঋদ্ধ পায়ে হেঁটে শহীদ মিনারের পাদদেশ উপস্থিত হয়ে আমরাও ফুচকা খাব৷ নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে হারিয়ে যাব আমরা৷ প্রেমের ঐতিহাসিক নিদর্শন মার্টিনের কূপের সামনে দাঁড়িয়ে দীক্ষা নেব প্রেমের৷ দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিনে হবে আমাদের স্বপ্নের বাসর৷ না, আমার কিছুই হয়নি৷ আমার স্বপ্নগুলো মনমন্দিরে পিঞ্জরাবদ্ধ পাখির মতো অঝোরধারায় কাঁদে৷
অফিসের প্রত্যেক সহকর্মীদের মনে হয় যেন এক একটি রোবট৷ স্বার্থপর, স্বার্থপর ও স্বার্থপর৷ তাদের সঙ্গে বড়ই বেমানান আমি৷ সবার সঙ্গে তাল মেলাতে পারিনা৷ তদুপরি কারো সামনে ভালোভাবে কথা বলতে পারিনা সব অগোছালো হয়ে যায়৷ তাই অনেকেই আমাকে এড়িয়ে চলে যায়৷ কিন্তু আমি তাদের কীভাবে বোঝাব এই পৃথিবীতে ছোটবেলায় কেউই আমাকে কিছুই শেখায়নি৷ আবার অনেকে আমাকে ভালোওবাসে৷ সব যেন নাটকীয়৷ অবশ্য জীবনটাই তো এক নাট্যমঞ্চ৷ শুধু আমরা অভিনয় করি৷ অভিনয়ের জন্যই তো এই পৃথীবিতে আমরা জন্ম নেই৷ শুধুই কর্তব্য, নকল ভালোবাসা, বেঁচে থাকার তাগিদে৷ প্রতিযোগিতা৷ এই তো জীবন৷ স্বার্থের বন্ধুত্ব৷
দিনগুলো আমার কোনো রকমে কেটে যায়৷ কিন্তু রাতগুলো যে কিছুতেই ফুরোতে চায় না৷ যখন রাত আসে কষ্টগুলো আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠে আমার বুকের ভেতরে৷ রাত গভীর থেকে গভীর হয়৷ আমার কষ্টগুলো গভীর থেকে গভীর হয়৷ হয়তো এভাবেই বন্ধুহীন, একাকিত্বে কাটবে আমার জীবনের অনাগত দিনগুলো৷
তবুও! হ্যাঁ...তবুও মনের মধ্যে কোথাও যেন একটু আশার আলো জ্বলে আছে... তারই তাগিদে বেঁচে থাকা৷ হয়তো আমারও কোনও ভালো বন্ধু হবে...অমিও ভালোবাসার ফানুষে উড়ে বেড়াবো আকাশে বাতাসে! অনেক দূরে স্বপ্নের রাজ্যে সেখানে শুধুই আনন্দ... শুধুই ভালোবাসা... সাদা পায়রার মত ডানা মেলে অনেক... অনেক... অনেক দূরে উড়ে বেড়াবো......
মিস সুমন কৈরী

লোড হচ্ছে...
প্রত্যুত্তর